শিল্পী সমিতি নির্বাচন পরবর্তী বিতর্ক: জয় চৌধুরীর দিকে আঙ্গুল তুলে অপমানের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন চিত্রনায়িকা রোজিনা

শোবিজ বাংলা প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির ৩ জুলাই এর নির্বাচন ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা । নির্বাচনে অপমানিত হওয়ার অভিযোগ তুলে তিনি আবেগঘন ও বিস্ফোরক বক্তব্য দিয়েছেন আলোচনার সৃষ্টি করেছে।

গতকাল রোববার রাতে তার নিজের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে চিত্র নায়িকা রোজিনা দাবি করেন, তিনি শুরু থেকেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন না। তবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাকে বারবার অনুরোধ করে এবং মানসিকভাবে চাপ প্রয়োগ করে নির্বাচনে নিয়ে আসেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে আবেগ দিয়ে “ব্ল্যাকমেইল” করে ও জয় চৌধুরীর প্যানেল থেকে সহসভাপতি পদে প্রার্থী করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে টাকা খরচ করার প্রলোভন দেখানো হয়। তবে তিনি প্রশ্ন তোলেন—“এখানে টাকা খরচ করলে কি সেই টাকা ফিরে আসবে?” তার দাবি, পরিকল্পিতভাবে তাকে নির্বাচনে হারানোর কৌশল নেওয়া হয়েছিল এবং এতে জয় চৌধুরীর সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি মনে করেন।

রোজিনা বলেন, জয় চৌধুরী তাকে আশ্বস্ত করেছিলেন যে তাকে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র নামমাত্র প্রার্থী থাকলেই চলবে। সেই বিশ্বাস থেকেই তিনি নির্বাচনে অংশ নেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে প্রতারিত ও অসম্মানিত বোধ করেন।

এই ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করে রোজিনা ঘোষণা দেন, তিনি জীবিত অবস্থায় আর কখনো চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না। এমনকি মৃত্যুর পর তার মরদেহ যেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়—এ নির্দেশনাও তিনি তার পরিবারকে দিয়ে রেখেছেন বলে জানান।

তিনি আবেগঘন কণ্ঠে স্মরণ করেন তার দীর্ঘ ক্যারিয়ার। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র “রাজমহল” থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত তিনি সম্মানের সঙ্গে কাজ করে গেছেন। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে এমন অপমান তার জন্য অত্যন্ত কষ্টদায়ক বলে উল্লেখ করেন।

শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে এফডিসিতে তিনি এত বছর সম্মান নিয়ে কাজ করেছেন, সেখানেই তার সম্মান নষ্ট করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও একদিন একই ধরনের অসম্মানের মুখোমুখি হতে হবে—এমন মন্তব্যও করেন তিনি।

এদিকে রোজিনার এ অভিযোগ নিয়ে এখনো তার সংশ্লিষ্ট প্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।